Dhaka Mail Logo

বিনোদন

যে শর্তে জামিন পেলেন তানজিন তিশা 

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-এর করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত। ১৩ আগস্ট সকালে প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এই জামিন মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থায়ী থাকবে।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বলেন, ‘তানজিন তিশা শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। নারী এবং শাড়ির দাম কম থাকায় বিশেষ বিবেচনায় বাদীর সঙ্গে আপসের শর্তে ৫০০ টাকার বন্ডের বিনিময়ে আগামী ধার্য তারিখ পর্যন্ত এই জামিন দেওয়া হয়েছে। এর আগে তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিশা দেশের একজন সেলিব্রিটি। তাকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তার কাছে এ ধরনের প্রতারণার শিকার হওয়াটা দুঃখজনক। তাই আশা করি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’

২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তিশা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। 

ইএইচ/