বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম
মার্কিন অভিনেত্রী কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত রোববার ৪টার দিকে লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলস এলাকায় অবস্থিত কার্দাশিয়ানের ৬ কোটি ডলারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, বর্তমানে বাড়িটিতে সংস্কার কাজ চলমান থাকায় কিম ও তাঁর পরিবার ওই বাড়িতে থাকছেন না। ২০১৪ সালে অভিনেত্রীর সাবেক স্বামী ও বিতর্কিত র্যাপার কানিে ওয়েস্ট বাড়িটি কিনেছিলেন। বর্তমানে সংস্কার কাজের কারণে কিম লস অ্যাঞ্জেলেসের অন্য একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

কিমের বাড়িতে চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে অবস্থানকালে একদল চোর পুলিশ সেজে সেখানে প্রবেশ করে। পরে বন্দুকের মুখে তাঁকে জিম্মি করে প্রায় ১ কোটি ডলার মূল্যের গহনা লুট করে নিয়ে যায়। এ ঘটনার কথা স্মরণ করে কিম জানিয়েছিলে, তিনি হামলাকারীদের পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছিলেন। সে সময় অ্যাপার্টমেন্টে কিমের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সিমন হারুচে।
২০২৫ ওই মামলায় জড়িত আট আসামিসহ মোট ৯ জনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত।
রায় ঘোষণার পর এক বিবৃতিতে কিম বলেছিলেন, ‘এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ফরাসি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। ওই অপরাধটি আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ছিল।’ তিনি আরও বলেন, ‘সেদিনের ঘটনা কখনোই ভুলব না। তবে বিশ্বাস করি বিচার ও জবাবদিহিতা মানুষের উত্তরণে সাহায্য করে। আমি সবার সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষ্ঠআইনি ব্যবস্থা গঠনে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।’
ইএইচ/