বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম
দুর্নীতি ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ফুঁসছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই আন্দোলন চলছে। গতকাল সোমবার আন্দোলনের ১৬তম দিনে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাজধানী রাঁচিতে এসে জড়ো হন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয় প্রশাসন। শিক্ষার্থীদের বাধা দিতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা প্রশ্ন তুলেছেন, কেন এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে? তিনি বলেন, ‘কেন... কেন... কেন? এত নিষ্ঠুর আচরণ! অহংকারের পতন অনিবার্য।’
পুলিশের বাঁধার মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে হেমন্ত সোরেন সরকারের তীব্র সমালোচনা করেছেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাবুলাল মারান্ডি। তাঁর অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন ও অনশন করলেও সরকারের ঘুম ভাঙেনি। এমনকি সিবিআই তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর বাসভবনের সামনে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। যা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ/