Dhaka Mail Logo

বিনোদন

বিচ্ছেদের এক দশক পর ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর গেল বছরে গোপনে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। বিয়ের আগে সাড়ে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। বর্তমান স্বামীর নাম ফয়সাল যিনি পেশায় একজন ব্যবসায়ী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’ 

image

বিয়ের খবর সামনে এলেও স্বামীর পরিচয় বা বিয়ের সুনির্দিষ্ট তারিখ নিয়ে খোলামেলা হতে চাননি সাবা। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সাবা। দীর্ঘ প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তানও রয়েছে। ২০১৫ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর দীর্ঘ সময় একমাত্র সন্তানকে ঘিরে একা নিজের জীবন সংগ্রাম চালিয়ে গেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন সামলে ধীরে ধীরে নিজের কাজ ও সন্তানকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেন তিনি। সেই পথচলার মাঝে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। যা পরবর্তীতে রূপ নেয় পরিণয়ে। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন সাবা। বিশেষ করে তাঁর সন্তান নতুন বাবাকে আপন করে নিয়েছে। 

image
সংগৃহীত

উল্লেখ্য, ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন সোহানা সাবা। প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর। যদিও মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। 

এরপর একে একে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার চলচ্চিত্রেও কাজ করেছেন সাবা। ভারতের ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় কাজ করেছেন।

ইএইচ/