সম্মতি ও লাইসেন্স ছাড়া অনলাইন এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে কনটেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও মেসার্স ইনসটিচ স্টুডিও কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়টি সাংবাদিকদের জানান অভিনেত্রী সাবার আইনজীবী মজিবুল কামাল।
নোটিশে এক কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিবাদীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর সোহানা সাবার পক্ষে তিনি এ নোটিশটি পাঠান। এতে বলা হয়েছে, অভিনেত্রী সোহানা সাবা গত চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলেব্রিটি টকশো নির্মাণ শুরু করেন, যা এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড পরবর্তীতে আরও অনেক ডিজিটাল প্লাটফর্মে সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে।
এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা আইন অনুযায়ী কপিরাইট আইন ২০০০ এর (সংশোধিত ২০১০) এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
সাবা বলেন, গত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও সামিল। উক্ত কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তারা আমার পরিশ্রমের অবমূল্যায়ন করে। এজন্য আইনী নোটিশ পাঠানো হয়েছে। জবাব না পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএম/এমআর




