বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
সৌদি আরবে ওমরাহ করতে যাচ্ছিলেন ডন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তারা এসে বিমানবন্দর থেকে ডনকে নিয়ে যায়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সংবাদমাধ্যমকে বলেন, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল খুন করা হয়েছে অভিনেতাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।
পিবিআই-এর সে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে ডন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।’
এদিকে আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, ডনসহ ১১ জনকে আসামী করা হয়। ফলে সালমান হত্যা মামলার দায় থেকে মুক্তির পাঁচ বছর না যেতেই ফের অভিযুক্ত হন ডন। ওই মামলায় এবার গ্রেফতার হলেন অভিনেতা।
আরআর