Dhaka Mail Logo

বিনোদন

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ট্রান্সজেন্ডার অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার অভিনেত্রী সিডনি স্টার। ‘লাভ অ্যান্ড হিপ হপ: নিউ ইয়র্ক’ এবং ‘ব্যাডিজ আটলান্টা’ খ্যাত এই তারকার বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সিডনি স্টারকে গ্রেফতার করে হেপভিলে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন অসদাচরণ এবং অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। 

ফক্স ফাইভ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হেপভিলের ইন্টারন্যাশনাল বুলভার্ডের একটি এম্বাসি সুইটস হোটেলে। পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মামলাটির সঙ্গে একটি নাবালক শিশু জড়িত তাই তাঁদের পক্ষ থেকে এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হবে না।

এদিকে সিডনি স্টারের মা স্টেফানি ফেভর্স  আন্তর্জাতিক গনমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শিশুর নির্যাতনের অভিযোগ তাঁর মেয়ের চরিত্রের সম্পূর্ণ বিপরীত। গ্রেফতারের পর থেকে মেয়ের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। 

অন্যদিকে সিডনি স্টার এক বিবৃতিতে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে তিনি। একই সঙ্গে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বলেন, তাঁর ব্যক্তিগত দায় যেন কোনোভাবে পুরো ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ওপর চাপিয়ে না দেওয়া হয়। একজনের ভুলের জন্য পুরো সমাজকে দোষ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, সিডনি স্টার ২০১৯ সালে ‘লাভ অ্যান্ড হিপ হপ: নিউ ইয়র্ক’-এর নবম সিজনে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়াও তিনি ‘ব্যাডিজ আটলান্টা’, ‘ব্যাডিজ সাউথ’, ‘বট্চড’ এবং ‘ব্ল্যাক ইঙ্ক ক্রু: শিকাগো’-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোতে কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন।

ইএইচ/