Dhaka Mail Logo

বিনোদন

আমার গান ছাড়া রাজ্জাক ভাইয়ের চলতোই না: খুরশীদ আলম 

বিনোদন ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

সোনালী দিনের সিনেমার গানে দাপট ছিল বরেণ্য গায়ক খুরশীদ আলমের। বিশেষ করে নায়ক রাজ রাজ্জাকের গানগুলোতে তার কণ্ঠ যেন আবশ্যক ছিল। ভক্তরাও ‘চুমকি’র গায়ককের কণ্ঠে অভিনেতাকে ঠোঁট মেলাতে পছন্দ করতেন।

এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণা করেছেন খুরশীদ আলম। তার কথায়, ‘চলচ্চিত্রে ১০০টি গান যদি ধরি, তার মধ্যে হয়তো ৬০টিতে ঠোঁট মিলিয়েছেন রাজ্জাক ভাই। বাকিগুলোতে অভিনয় করেছেন বিভিন্ন নায়ক। আমার গান ছাড়া রাজ্জাক ভাইয়ের চলতোই না। তখন আমরা সম্মানী কত পেলাম, সেটা বড় বিষয় ছিল না। ভালো কাজ করতে হবে— এটাই ছিল মূল কথা। মানুষ যদি একটি গান শুনে বলে, ‘ভালো হয়েছে’, সেটাই ছিল সবচেয়ে বড় সম্মান।’

নিজেদের সময়টাকে গোল্ডেন বলে দাবি করেন খুরশীদ আলম। ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাদের সময়টা সত্যিই গোল্ডেন ছিল। শিল্পী, গীতিকার, সুরকার সবাই তখন একটি গান তৈরির জন্য পর্যাপ্ত সময় পেতেন। এত তাড়াহুড়ো ছিল না। অভাব-অনটন হয়তো ছিল; কিন্তু মানুষের মধ্যে মিল-মহব্বত বেশি ছিল। এখন সবাই ব্যস্ত।’

আজ ১ আগস্ট বরেণ্য এই গায়কের জন্মদিন। সহকর্মী শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিন পরিবারের সঙ্গে কাটে বলেই জানান তিনি। 

আরআর