বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
উত্তম কুমারকে নিয়ে কিছু বললে জ্বলবে আগুন ঘরে ঘরে— এতদিন পর এসেও মহানায়ককে নিয়ে বাঙালির আবেগের চিত্র এমনই। ছাড় পেলেন না অভিনেতার নাতনিও। দাদুকে ‘ভীষণ কালো’ বলতেই সামাজিক মাধ্যমে প্রতিবাদের মশাল জ্বেলেছেন নেটাগরিকরা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক পডকাস্টে এসে উত্তম নাতনি নবমিতা চট্টোপাধ্যায় দাবি করেছেন তার দাদু শুরুতে ভীষণ কালো ছিলেন। পরে বিশেষ ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা ত্বকের অধিকারী হন! মন্তব্যটি সামনে আসার পর থেকেই দাউ দাউ করছে সোশ্যাল মিডিয়া।
নবমিতা সঞ্চালককে বলেন, ‘দাদু ভীষণ কালো ছিলেন, এটা বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু দাদু অত্যন্ত কালো ছিলেন। নেভিয়া (ক্রিম) দিয়ে, শনা নিয়ে… ত্বকের দিক থেকে উনি খুব কালো ছিলেন। উড়ে পুরুত বলতে যা বোঝায়, আমার কাছে পুরোনো ছবি আছে সেটা যদি তুমি দেখ….’।
সঞ্চালক প্রশ্ন ছোড়েন, ‘স্কিন টোন একবারে কালো?’ জবাবে নবমিতা জানান, ‘একদম’। সঙ্গে জুড়ে দেন- ‘সেটা সাদা করেছে বিভিন্ন ক্রিম মেখে, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে কিছু ক্য়াপসুল খেয়ে, উনি নিজেকে অনেক বেশি নারচার করেছেন’।
তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের দাবি নবমিতার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। উত্তম কুমারকে স্বচক্ষে দেখা বহু সিনেমাপ্রেমীদের স্পষ্ট বক্তব্য, মহানায়কের ব্যক্তিত্ব, আকর্ষণ কিংবা ক্যারিশমা কোনো সস্তা ক্রিমের ওপর নির্ভর করত না। তিনি কোনোভাবেই কালো ছিলেন না।
অনেকে বিষয়টিকে স্বস্তা প্রচারণা বলে মনে করছেন। তাদের মতে পডকাস্টের ভিউ বাড়াতে তারকাদের স্বজনদের ডেকে এনে ভিত্তিহীন কথা বলানো হচ্ছে। নবমিতাকেও এক হাত নিচ্ছেন অনেকে। তবে অভিনেতার নাতনি সেসব নিয়ে মুখ খোলেননি।
আরআর