Dhaka Mail Logo

বিনোদন

একা নন স্নিগ্ধা, পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা 

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরীরর পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে তার আনা নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করছেন তারা। চাইছেন সুষ্ঠু বিচার।

গেল রোজার ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক স্নিগ্ধার। নির্মাতা রায়হান রাফী নিজের ছবির অভিনেত্রীর পাশে দাড়িয়ে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘সহিংসতা ও হয়রানির সমাজে কোনো স্থান নেই। স্নিগ্ধা চৌধুরীর অভিযোগগুলোর ন্যায্য, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’

একই সিনেমার অভিনেত্রী নাজিফা তুষির কথা, “আমার সহকর্মী ‘প্রেশার কুকার’ সিনেমার অভিনেত্রী স্নিগ্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই। আশা করি ঘটনাটির সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা হবে।”

ন্যায় বিচার চেয়ে তিনি যোগ করেন, ‘কর্মক্ষেত্রে হোক বা সোশ্যাল মিডিয়ায়— নারীদের প্রতি হেনস্তা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

অভিনেত্রী নুসরাত ফারিয়া সমষ্টিগত প্রতিবাদ জানিয়েছেন। লিখেছেন, এটা দুঃখজনক যে আমরা নারীরা কতটা অনিরাপদ, নীরব ও অসহায়। আল্লাহ যেন আমাদের প্রতিটি লোলুপ দৃষ্টির পুরুষ থেকে রক্ষা করেন।’

ব্যক্তিগতভাবে পরিচাওয় নেই তবুও স্নিগ্ধার হয়ে আওয়াজ তুলেছেন উপস্থাপিকা নীল হুরেজাহান। লিখেছেন, ‘মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে দায়ী ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে।’ 

চিত্রনায়ক সাইমন সাদিক প্রতিবাদ জানিয়েছেন। তার কথায়, ‘শুধু স্নিগ্ধা চৌধুরীকে না,হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে দেশের সকল নারীদের। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাখলাম।’

অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সাথে যা ঘটেছে .. তদন্ত চাই.. বিচার চাই।’ স্নিগ্ধার সঙ্গে যা ঘটেছে তা উদ্বেবগজনক বলে মনে করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। 

এর আগে সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে স্নিগ্ধা জানান, একটি প্রতিষ্ঠানের ১ বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কথা বলে ইমন নামের এক ব্যক্তি তাঁকে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তাঁর মা। প্রাথমিক কথাবার্তার একপর্যায়ে তাঁর মা চলে গেলে পরিস্থিতি হুট করে বদলে যায়।

স্নিগ্ধার ভাষ্যমতে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাঁকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে উল্টো স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী জানান, জেবা তাকিয়া আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। সেই ক্ষোভ থেকে স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন করেছেন।

শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয়নি! আমার বাবা-মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলো ফুলে ফুলে আছে। আমরা হয়তো উনার মতো এত বড় লোক না। কিন্তু আমি আমার বাপ-মায়ের কাছে রাজকন্যা!’

স্নিগ্ধা আরও অভিযোগ করেন, তাঁর ওপর গরম কফি ঢেলে দেওয়া ও চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরআর