Dhaka Mail Logo

বিনোদন

আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১০:২০ এএম

সম্প্রতি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে গেল রোববার মামলা দায়ের করেন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকা স্নিগ্ধা চৌধুরী। অভিনেত্রীর মামলার প্রেক্ষিতে সোমবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। 

জামিন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মেডিকেল প্রতিবেদন দাখিল পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। 

এর আগে, রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন স্নিগ্ধা।

এজাহারে বলা হয়, বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নেয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী স্নিগ্ধা জানান, একটি প্রতিষ্ঠানের ১ বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কথা বলে ইমন নামের এক ব্যক্তি তাঁকে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তাঁর মা। প্রাথমিক কথাবার্তার একপর্যায়ে তাঁর মা চলে গেলে পরিস্থিতি হুট করে বদলে যায়।

স্নিগ্ধার ভাষ্যমতে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাঁকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে উল্টো স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী জানান, জেবা তাকিয়া আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। সেই ক্ষোভ থেকে স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন করেছেন।

শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয়নি! আমার বাবা-মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলো ফুলে ফুলে আছে। আমরা হয়তো উনার মতো এত বড় লোক না। কিন্তু আমি আমার বাপ-মায়ের কাছে রাজকন্যা!’

স্নিগ্ধা আরও অভিযোগ করেন, তাঁর ওপর গরম কফি ঢেলে দেওয়া ও চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

ইএইচ/