Dhaka Mail Logo

বিনোদন

কমেন্টকারীদের ডাকলেন ওমর সানী, দিলেন অফিসের ঠিকানা

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। রাজনীতি, খেলাধুলা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনার টেবিলে থাকেন তিনি। অনেক পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবার মন্তব্যকারীদের নিজের অফিসে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা।

রোববার (২৭ জুলাই) ওমর সানী লেখেন, ‘যারা ব্যাড এবং গুড কমেন্ট করেন তারা আমার অফিসের এখানে আসেন। দেখি কি বলার আছে আপনার। প্লিজ আসুন।’

ঠিকানা উল্লেখ করে তিনি লেখেন, ‘গোল্ডস্যান্ডস গ্রুপ, ১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা।’

১৯৯২ সালে নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ওমর সানীর। এর পরের বছর মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমাটি তাকে নায়ক হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে রোমান্টিক নায়ক হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেন।

দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘কুলি’, ‘আত্ম অহংকার’, ‘অপরাধী’, ‘মহা নায়ক’-এর মতো ব্যবসা সফল সিনেমা। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে তিনি আবার সিনেমায় নিয়মিত হন। অভিনয়ের পাশাপাশি ওমর সানী একজন সফল ব্যবসায়ী। ঢাকার বিভিন্ন স্থানে তার রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা রয়েছে।

ইএইচ/