বিনোদন ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কোনো পর্বেই বৈচিত্রের ঘাটতি থাকে না। আয়োজনের জন্য প্রতিবারই বেছে নেওয়া হয় গুরুত্বপূর্ণ স্থান। কখনও তার সঙ্গে সম্পর্ক থাকে ইতিহাসের পাতার আবার কখনও দৃশ্যধারণ করা হয় চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কোনো স্থানে। এবার নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরকে ঘিরে নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবন-সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে।
লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ।
এছাড়া জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। দর্শকপর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন। অনুষ্ঠানে আরও থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া এক মাঝির জীবন-সংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন থাকছে এবারের আয়োজনে।
বিদেশি পর্বে তুলে ধরা হবে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ও উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে কাশেম টিভির নতুন পর্ব, চিঠিপত্র এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি আগামী ৩০ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
আরআর