বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দি ওডিসি’। মুক্তির পর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। এবার নোলানের আকাশচুম্বী সাফল্যকে টেক্কা দিতে এআই দিয়ে ‘দি ওডিসি’ বানানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক।
সাম্প্রতিক এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের এআই টুল ‘গ্রোক ইমেজিন’ ব্যবহার করে তিনি ‘দি ওডিসি’-র ইতিহাস অবলম্বন করে পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করবেন। পোস্টে তিনি লেখেন, “এ বছর শেষ হওয়ার আগে গ্রোক ইমেজিন দিয়ে ‘দি ওডিসি’-র ওপর একটি সিনেমা তৈরি করা হবে। যা ইতিহাসসম্মত হবে এবং কবি হোমারের লেখা গল্পের মতো থাকবে।”
প্রাচীন গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিতে ট্রোজান যুদ্ধ শেষে ওডিসিউসের বাড়ি ফেরার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। হোমারের ‘দি ওডিসি’ কোনো ঐতিহাসিক সত্য ঘটনা নয়। এতে সাইক্লোপস, ডাইনি ও দেব-দেবীদের মতো নানা পৌরাণিক গল্প রয়েছে। তবে ঐতিহাসিকদের মতে গল্পের মূল প্রেক্ষাপটে কিছু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে।
এর আগে প্রাচীন গ্রিক পুরাণে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত ‘হেলেন অব ট্রয়’ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা নিয়ংওকে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করছিলেন মাস্ক। লুপিটাকে নিয়ে মাস্কের সমালোচনার পর বিনোদন জগতের অনেক তারকা তাঁর সমর্থনে এগিয়ে আসেছিলেন।
এ সিনেমায় লুপিটা ছাড়া আরও অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, চার্লিজ থেরনের মতো তারকারা।
ইএইচ/