Dhaka Mail Logo

বিনোদন

‘ফুটবল ইতিহাসে মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০২৬, ১১:০১ এএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। ফাইনালে আলবিসেলেস্তেদের পরাজয়ে স্তব্ধ হয়ে পড়েছেন কোটি ভক্ত। ফুটবল মাঠের বেদনার নীল আঁচড় লেগেছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের হারে সামাজিক মাধ্যমে আবেগে ভাসছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা। 

আর্জেন্টিনার ভক্ত হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ম্যাচ শেষে লেখেন, ‘আজ হয়তো দিনটা আর্জেন্টিনার ছিল না। তবে ট্রফির চেয়েও বড় হলো তাদের দেওয়া অসংখ্য স্মৃতি আর আনন্দ। মেসি আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসা চিরকালীন থাকবে।’ 

আর্জেন্টিনার হারের ধাক্কা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী কেয়া পায়েল। হতাশা প্রকাশ করে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হারার মাঝেই শেষ হলো এবারের বিশ্বকাপ।’ এদিকে জান্নাতুল সুমাইয়া হিমি লিখেছেন, ‘হয়তো আজ দিনটা তোমার ছিল না কিন্তু ফুটবল ইতিহাসে তোমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।’

লিওনেল মেসির বিদায় নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি লেখেন, ‘মেসি সব পেয়েছেন এবং অসম্ভবের ভার বহন করেছেন। একটি গড়পড়তা দল নিয়ে ২০১৪, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা, দুইবার রানার্সআপ ও একবার চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি কথা নয়। মেসিকে মাথা উঁচু করে বিদায়।’

অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, ‘অভিনন্দন স্পেন। ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। শুভ কামনা আর্জেন্টিনা পরবর্তী বিশ্বকাপের জন‍্য। আমরা সব সময় তোমাদের সাথে আছি। আর্জেন্টিনাকে ভালোবেসেছিলাম ম‍্যারাডোনার জন‍্য । সারাজীবন ভালোবেসে পাশে আছি।’

এদিকে জনপ্রিয় গায়িকা পড়শী আর্জেন্টিনার খেলার সমালোচনা করে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন, কিন্তু ম্যাচে আর্জেন্টিনার অন টার্গেটে একটি শটও ছিল না?’ অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, বিদায় আর্জেন্টিনা’

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায়৬৬% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪% সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শটনিতে পেরেছে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশারঅনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।

ইএইচ/