বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
গেল মাসেই ডানা মেলে সোহিনী সরকারের মা হওয়ার গুঞ্জন। তবে সে সময় চুপটি করে ছিলেন টলিউড অভিনেত্রী। স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ও টু শব্দটি করছিলেন না। এবার দুজনেই সরব হলেন। আনুষ্ঠানিকভাবে জানালেন দুই থেকে তিন হতে যাচ্ছেন তারা।
সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন সোহিনী। সেখানে তাকে দেখা গেছে সাদা কুর্তিতে। ভেতর দিয়ে উঁকি দিয়েছে স্ফীতোদর। খোলা চুলে লাল রংয়ের ফুল গুজেছেন অভিনেত্রী।
অন্যদিকে শোভনের গায়ে আকাশী পাঞ্জাবি। দুটি ছবিতে পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে আছেন শোভন। অন্যটিতে মুখোমুখি। দুজনের ঠোঁটেই পরিতৃপ্তির হাসি টাঙানো। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে…আমরা দুই থেকে তিনের পথে।’ বলে রাখা ভালো বছর তিনেক আগের আজকের দিনে (১৫ জুলাই) গাঁটছড়া বেঁধেছিলেন তারা। সুখবর জানাতে এক হওয়ার দিনটি-ই বেছে নিয়েছেন।
এদিকে বাবা-মা হওয়ার খবর দিতেই অনুরাগী-সহকর্মীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন এ তারকা দম্পতি। অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুই জনকেই অনেক ভালবাসা।’ সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালবাসা, দিদি।’ শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীরাও।
এক বর্ষায় আলাপ সোহিনী-শোভনের। পরের বছর ২০২৪-এর বর্ষায় বাঁধেন ঘর। বর্ষায়-ই দিলেন নতুন অতিথি আগমনের সুখবর।
আরআর