Dhaka Mail Logo

বিনোদন

চেয়ারে বসলেই মানুষের বিবেক-বুদ্ধি কি লোপ পায়: চমক 

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশ করে থাকেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। এবার তিনি মত প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘দেশের মানুষ বন্যার সাথে যুদ্ধ করছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক? আমি বুঝি না , চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?’

অভিনেত্রীর স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই চমকের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘গোদিতে বসলে সবার মুড পরিবর্তন হয়ে যায়’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি। সেখানে পরীক্ষা দিয়ে কি হবে?’

মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী-পুলিশ ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। 

পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। সেখানে থেকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আবারও সড়ক অবরোধ করেন তারা।   

ইএইচ/