বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
টলিউডে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার (১৩ জুলাই) তাঁকে হাওড়া আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শ্রাবন্তীর সহকারী হিসেবে পরিচিত হলেও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করেন। ভুক্তভোগী তরুণীও একই প্রতিষ্ঠানে কর্মরত। অভিযোগের নথি থেকে জানা যায়, গত ১২ এপ্রিল কাজের উদ্দেশ্যে চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার বেশ কিছুদিন পর গত ১২ জুন ওই তরুণী বাদী হয়ে চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষণের মামলা দায়ের করে তদন্তে নামে। গোপনসূত্রের ভিত্তিতে গতকাল রোববার (১২ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই তদন্ত চলছে।
ইএইচ/