Dhaka Mail Logo

বিনোদন

বন্যাকবলিত প্রাণীদের প্রতি সহমর্মিতার হাত বাড়াতে বললেন নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক

১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একই সাথে শহর ও এর আশপাশে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

নিলয় আলমগীর লেখেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নাই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’

বিপদের মুহূর্তে বন্যাকবলিত মানুষ এবং অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।’ 

উল্লেখ্য, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। উল্টো সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

ইএইচ/