Dhaka Mail Logo

বিনোদন

সন্তানকে ধর্ম নিয়ে কী পরামর্শ দেন সাইফ আলী খান

বিনোদন ডেস্ক

২৯ জুন ২০২৬, ১২:৩৫ পিএম

দুইবার-ই ভিন্ন ধর্মের অনুসারীর (অমৃতা সিং ও কারিনা কাপুর) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সাইফ আলী খান। তাই অনুরাগীদের অনেকের কৌতূহল, ধর্ম নিয়ে তার সন্তানদের অবস্থান কী? এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ জানালেন ধর্ম নিয়ে সন্তানদের দেওয়া তার পরামর্শগুলো। 

ওই সাক্ষাৎকারে সাইফ জানান, ছোট দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গির আলি খানের সঙ্গে তিনি প্রায়ই ধর্ম নিয়ে আলোচনা করেন। সন্তানদের কী পরামর্শ দেন ধর্ম নিয়ে?

জবাবে অভিনেতা বলেন, “এটা এমন এক বিষয়, যা নিয়ে আমি ওদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। কারণ আমি নিজেও খুব বেশি ধার্মিক মানুষ নই। আমার মা আমাকে শিখিয়েছিলেন, আর আমিও আমার সন্তানদের শিখিয়েছি যে, স্রষ্টা এক জনই। শুধু তাঁর নাম অনেকগুলো। বিষয়টা খুবই সহজ। মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে তাঁর উপাসনা করে। আর যদি কোনো ধর্ম মানুষকে ভালোবাসা ও ক্ষমার শিক্ষা দেয়, তা হলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তৈমুরের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে সাইফ বলেন, “আমার মায়ের চিন্তাভাবনা ছিল খুব খোলামেলা, উদার। আমার স্ত্রীরও তাই। এটা আসলে ধর্মের চেয়ে বেশি আধ্যাত্মিকতার বিষয়।”

এ সময় নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরেন সাইফ। জানান তিনি বেড়ে উঠেছেন গির্জার আবহে। যে স্কুলে পড়ছেন সেখানে প্রার্থনার মাধ্যমে দিন শুরু হতো। 

আরআর