images

বিনোদন

কারাগারে জাহের আলভী, সর্বোচ্চ শাস্তি চাইলেন ইকরার বাবা

বিনোদন ডেস্ক

১৯ জুন ২০২৬, ০৫:১০ পিএম

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের নির্দেশে সন্তুষ্টি প্রকাশ করে আলভীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ইকরার বাবা কবির হায়াত খান। শুনানি শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে আমি সন্তুষ্ট। আমি সুষ্ঠু বিচার প্রত্যাশী। আমি জাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাই।’

মামলার নথি অনু্যায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।

২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর অর্থাৎ ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

ইএইচ/