বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৬, ০১:০২ পিএম
ঢালিউড সুপারস্টার শাকিব খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিবকে বাংলা চলচ্চিত্রের বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে শাকিবের অভিনয়ের প্রতি একাগ্রতা এবং ভালো কাজের ক্ষুধার কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।
তারিক বলেন, ‘আমি সবসময় শাকিবের প্রশংসা করি, সে পুরো চলচ্চিত্র নিজে ধারণ করে। অভিনেতা হিসেবে আমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয়, সেটা হচ্ছে প্রতি শটের আগে সে জিজ্ঞেস করে নেয়। নিজেকে ঠিকঠাক তৈরি করে নেয়। এটা একজন অভিনেতার জন্য খুব ভালো দিক। যা শাকিব খানের মধ্যে আছে।’
নির্মাতারা শাকিবকে আরও ভালোভাবে ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন,, ‘ও যেভাবে এখনও নিজেকে মেইনটেইন করেছে। ভালো চরিত্র করার জন্য ক্ষুধাটা ওঁর আছে। একজন অভিনেতার জন্য এটা খুব ভালো দিক। শাকিব আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সম্পদ।’
শাকিবের ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তারিখ আনাম খানকে। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘সোলজারের আমার অংশের শুটিং প্রায় শেষ। শাকিবের শুটিংও খুব সামান্য অংশ বাকি আছে। যা দেশের বাইরে হওয়ার কথা। সোলজার একদম অন্য ধরনের ছবি। যারা ভিন্ন রকম একটা ছবি আশা করেন। সোলজার তাদের সবার ভালো লাগবে বলে আমি আশা করি।’
গত বছরের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।
ইএইচ/