মেগাস্টার শাকিব খান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় আর তুমুল উত্তেজনা। তা প্রেক্ষাগৃহ হোক বা সিনেমার শুটিং সেট। শাকিবিয়ানদের উন্মাদনা চোখে পড়ার মতো। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যান শাকিব। সেখানে তাঁর আসন্ন অ্যাকশন-ধর্মী সিনেমা ‘সোলজার’-এর লুকে দেখা যায়।
উদ্বোধনের খবর সামাজিকমাধ্যমে আগেই ছড়িয়ে পড়ায় মেগাস্টারকে এক নজর দেখতে দর্শকদের উন্মাদনা যেন বহুগুণ বেড়ে যায়। ঘন গোঁফের সঙ্গে সাদা কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে ‘সোলজার’ লুকে যখন জনসমক্ষে আসেন তখন তাঁকে এক ঝলক দেখতে শোরুমের সামনে তৈরি হয় মানুষের এক বিশাল সমুদ্র!

উপস্থিত দর্শকরা শাকিব শাকিব শ্লোগান তুলছিলেন। নায়কও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন শাকিব খান। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক সফল সিনেমা। যা ভালোবাসার সঙ্গে লুফে নিচ্ছে তার অনুরাগীরা। সম্প্রতি নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।
শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।
ইএইচ/




