images

বিনোদন

‘আমাকে রীতিমতো অন্তর্বাস খুলে দেখাতে হয়েছে’ 

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২৬, ১১:১৬ এএম

শ্বশুরবাড়ি থেকে নিজের ব্যক্তিগত জিনিসপত্র ফিরিয়ে আনতে গিয়ে নজিরবিহীন হেনস্তার মুখোমুখি হয়েছেন ওপার বাংলার গায়িকা দেবলীনা নন্দী। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, রাজারহাটের বাসা ছেড়ে আসার পর চন্দননগরের শ্বশুরবাড়িতে তাঁর জিনিসপত্র আটকে রাখা হয়।

কয়েক মাস আগে দেবলীনার আত্মহত্যার চেষ্টার খবরটি বিনোদনপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি রাজারহাটের বাসা ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান। এরপর থেকে তাঁদের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত বিষয়টি আইনি বিচ্ছেদের পর্যন্ত গড়ায়।

image

দেবলীনার অভিযোগ, সম্প্রতি চন্দননগরে শ্বশুরবাড়িতে আটকে থাকা নিজের জিনিসপত্র ফেরত নিতে তিনি পুলিশ প্রশাসন ও নিজের বোনকে সঙ্গে নিয়ে সেখানে যান। কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। গায়িকার দাবি, বিয়ের সময় পাওয়া স্ত্রীধনের অংশ ও সোনার গহনাসহ নিজের টাকায় কেনা বেশ কিছু আসবাবপত্রও তাঁকে ফেরত দেওয়া হয়নি।

ঘটনার বিবরণ দিয়ে দেবলীনা জানান, জিনিসপত্র যাচাইয়ের সময় তাঁর একটি ব্যাগ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন আপত্তি তোলেন। ওই ব্যাগে কেবল অন্তর্বাস ছাড়া আর কিছুই ছিল না। তবুও সেটি জোর করে খুলে দেখানোর জন্য চাপ দেওয়া হয়। ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে দেবলীনা বলেন, ‘আমাকে রীতিমতো আমার অন্তর্বাস খুলে দেখাতে হয়েছে’ একই সঙ্গে তিনি দাবি করেন, এই চরম অপমানজনক পরিস্থিতিতে তাঁর দেবর পাশে দাঁড়িয়ে উপহাস করছিলেন ও হাসছিলেন।

image

পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলে এই সংগীতশিল্পী বলেন, ‘তাহলে বলুন, আসল হেনস্তা কার হয়েছে?’ দেবলীনা আরও জানান, পুলিশের সহযোগিতার কারণে তিনি সেখান থেকে ফিরতে পেরেছেন।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন দেবলীনা ও প্রবাহ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়। বর্তমানে তাঁরা আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছেন।  

ইএইচ/