images

বিনোদন

মারা গেছেন দক্ষিণের বিখ্যাত পরিচালক 

বিনোদন ডেস্ক

১০ জুন ২০২৬, ০২:০৩ পিএম

মারা গেছেন তামিল সিনেমার বিখ্যাত নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক ভারতীরাজা। আজ ১০ জুন মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মৃত্যুকালে ভারতীরাজার বয়স হয়েছিল ৮৪ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণী সিনে জগতে। 
আজ যে দক্ষিণী পর্দায় জীবনঘেঁষা সিনেমার আধিপত্য তার শুরু ভারতীরাজার হাত ধরে। তার ‘১৬ ভায়াথিনিলে’ দিয়েই বদলে যায় ইন্ডাস্ট্রি। লোকাল ড্রামা ও রিয়ালিস্টিক সিনেমা মেকিংয়ে রাতারাতি ঝুঁকে পড়েন নির্মাতারা। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে সম্মান দিতেও কার্পণ্য করেনি দক্ষিণীরা। ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের হিমালয়’ বলে ডাকা হতো তাকে।

অভিনেতা হিসেবেও সাবলীল ছিলেন বিখ্যাত এ নির্মাতা। শুধু দর্শকের মনজয়-ই করেননি, কাঁদিয়েছেনও। ‘থিরুচিত্রাম্বালাম’-এ ধানুশের দাদুর চরিত্রে তার অভিনয় দেখে অশ্রু ধরে রাখতে পারেননি দর্শক। 

নতুন প্রতিভা আবিষ্কারেও ভারতীরাজার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাধিকা, রাধা, আম্বিকা ও রেবতীর মতো অভিনেত্রীদের তিনি চলচ্চিত্রে পরিচিত করে তোলেন। নারী চরিত্রগুলোকে শক্তিশালী ও স্বতন্ত্রভাবে উপস্থাপনের জন্যও তিনি প্রশংসিত। একই সঙ্গে শিবাজি গণেশন ও কমল হাসানের মতো প্রতিষ্ঠিত অভিনেতাদেরও নতুনভাবে তুলে ধরেছিলেন তিনি।