বিনোদন ডেস্ক
০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
প্রেমিকের জন্যও এক যুগ অপেক্ষা করে না প্রেমিকা। অথচ দেড় দশক ধরে দর্শক অপেক্ষায় আছেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় সায়েন্স ফিকশন ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার। নেই কোনো আশাব্যঞ্জক বার্তা। উল্টো গুঞ্জন, ‘কৃশ ৪’-এর জন্য ৫০০ কোটি রুপি দাবি করেছেন হৃত্বিক রোশন। তাতেই পিছিয়েছে প্রযোজনা সংস্থা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৃশ ৪’-এর মাধ্যমে পরিচালনায় নাম লেখাচ্ছেন হৃত্বিক। তিনি চান ছবিটিতে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অ্যাকশন থাকুক। সেজন্য দাবি করেছেন ৫০০ কোটি রুপি।

কিন্তু বেঁকে বসেছে যশ রাজ ফিল্মস। প্রযোজনা সংস্থাটির কর্ণধার আদিত্য চোপড়া এত অর্থ দিতে রাজি নন। তিনি ৩৫০ কোটিতে থেমে আছেন। কিন্তু রাজি নন হৃত্বিক। এই মতপার্থক্যে থেমে আছে ছবিটি।
তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘কৃশ’ পরিচালক ও হৃত্বিকের বাবা রাকেশ রোশন। তিনি বলেন, “হৃতিক নাকি ওঁর প্রথম পরিচালনার জন্য ৫০০ কোটি টাকার বাজেট চেয়েছে আর ওয়াইআরএফ সেটা ৩৫০ কোটিতে লক করতে চাইছে— এসব আষাঢ়ে গল্প! একটা ভালো সিনেমা তৈরি করতে, যা সব ধরনের দর্শকের ভালো লাগবে, তাতে একটু সময় তো লাগেই। আমি নিজেও তো ‘কৃশ’ সিরিজের আগের ছবিগুলোর জন্য যথেষ্ট সময় নিয়েছিলাম।”

‘কৃশ ৪’-এর ক্যামেরা জ্বলে ওঠায় বিলম্বের কারণও জানিয়েছেন প্রবীণ এ নির্মাতা। তার কথায়, ‘‘কৃষ’ এখন অন্য গ্রহে রয়েছে! আসলে ও এই বছরই ওঁর নিজস্ব একটি প্রোডাকশন হাউস লঞ্চ করেছে, আর সেটা নিয়েই মারাত্মক ব্যস্ত। আমরা সবাই হৃতিকের শুটিং ডেট পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, সবকিছু ঠিকঠাক চলছে। আদিত্য চোপড়া, হৃতিক আর আমার মধ্যে একটা দুর্দান্ত টিমওয়ার্ক কাজ করছে।”
‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু ২০০৩ সালের ‘কোই মিল গায়া’ ছবির মাধ্যমে। সবশেষ ‘কৃশ ৩’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর লম্বা সময় কেটে গেলেও পরিকল্পনার গণ্ডি কাটাতে পারেনি ‘কৃশ ৪’।