বিনোদন প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের তুমুল উন্মাদনা। তবে এবারের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দর্শকদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মেগাস্টারের অভিনয়ের সবাই প্রশংসা করলেও, ছবির গল্প নিয়ে অনেক দর্শকই সামাজিক মাধ্যম ও প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে গণমাধ্যমের কাছে হতাশা প্রকাশ করেছেন।
এবারের কোরবানি ঈদে সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিবের নতুন ছবি ‘রকস্টার’। আজমন রুশো পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আশানুরূপ ঝড় তুলতে না পারলেও পুরো সপ্তাহজুড়ে বেশ চর্চায় ছিল। তবে এরই মধ্যে ছবিটিকে ঘিরে এলো এক বড় দুঃসংবাদ। মুক্তির এক সপ্তাহ পার হতে না হতেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে পাইরেসির শিকার হয়েছে ‘রকস্টার’। বেশ কিছু গ্রুপ ও লিংকে আস্ত সিনেমা ছড়িয়ে পড়েছে। সেসবের স্ক্রিনশট অনেকে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পাইরেসির ঘটনা নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য করেননি। পরিচালক আজমন রুশোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
শাকিবের সিনেমা পাইরেসি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে তার ‘প্রিন্স’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ ছবিগুলোও পাইরেসির কবলে পড়েছিল।

‘রকস্টার’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তারিক আনাম খান, আহমেদ হাসান সানি ও জাহিদ নিরবকে। পাশাপাশি বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী ও দিলারা জামানসহ আরও অনেকে।
ইএইচ/