বিনোদন প্রতিবেদক
৩১ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনায় ‘বনলতা এক্সপ্রেস’। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থগিত হওয়ায় চর্চা বেড়েছে ছবিটি নিয়ে। সেইসঙ্গে ওটিটি মাধ্যমেও দর্শক বেড়েছে সিনেমাটির।
ওটিটি মাধ্যম হইচইয়ে দেখা যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্ল্যাটফর্মটির কমিউনেকেশন অ্যান্ড পিআর ম্যানেজার তানজিনা রহমান ঢাকা মেইলকে বলেন, ‘‘ঈদের সময় দর্শকের মধ্যে কনটেন্ট দেখার প্রবণতা বেশি থাকে। তাছাড়া আর ‘বনলতা এক্সপ্রেস’-এর চাহিদা মুক্তির পর থেকেই বেশি। সপ্তাহ খানেক ধরে সিনেমা হলের পাশাপাশি ওটিটি মাধ্যমে সমানতালে চলছে। ২৪ তারিখ (ওটিটিতে মুক্তির দিন) থেকেই দর্শক প্রচুর। সাবস্ক্রিপশন থেকে শুরু করে ওয়াচ টাইম বেশ ভালো। তবে শেষ দুই তিনদিন ধরে ওয়াচ টাইম আরও বেশি।’’
এটি কি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার প্রভাব— জানতে চাইলে তিনি বলেন, ‘তবে সেটি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে কি না সে সম্পর্কে আমাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এছাড়া ঈদের পর ওটিটি মাধ্যমে দর্শক বাড়ে। ঈদের দিন সবার বিভিন্ন ব্যস্ততায় কাটে। বেশি দর্শক হয় না। ঈদের এক-দুই দিন পর থেকে দর্শকের দেখার মাত্রা অনেক বেড়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবারও সেরকম চিত্র দেখছি।’
গেল রোজার ঈদে মুক্তি পায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। গতকাল শনিবার ছবিটি ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী হওয়ার কথা ছিল। আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। কিন্তু এর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করা হয়। এরপর থেকে তুমুল আলোচনায় ছবিটি।