বিনোদন ডেস্ক
২৯ মে ২০২৬, ০১:০৩ পিএম
হাস্যরসাত্মক ভিডিও বানাতেন ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী। তবে যে সামাজিক মাধ্যমে হাসির হুল্লোড় তুলতেন সায়নী সেই সোশ্যাল মিডিয়া তার মৃত্যুর খবরে স্তব্ধ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে সায়নীর মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। সূত্রের খবর সম্পর্কে টানাপড়েনের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ধকল নিতে পারেননি। শেষে বেছে নিয়েছেন আত্মহননের পথ। পুলিশ জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সায়নী জানিয়েছিলেন আইনে স্নাতক করেছেন তিনি। প্রকাশ করেছিলেন উচ্ছ্বাস। অনুরাগীদেরও খুশির কারণ হয়েছিল বিষয়টি। মুহূর্তেই তার চলে যাওয়ার খবরে তা রূপ নিল বিষাদে।
সোশ্যাল মিডিয়ায় সায়নী পরিচিত ছিলেন গরু নিয়ে ভিডিও বানানোর জন্য৷ সুন্দরী নামের গরুকে কেন্দ্র করে মজার ভিডিও বানাতেন৷ পাশাপাশি প্রতিদিনকার সাজপোশাক, ছোট ছোট গল্পও শেয়ার করতেন৷