বিনোদন প্রতিবেদক
২৮ মে ২০২৬, ০১:২৮ পিএম
একটি অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ঈদটা সেখানেই কাটাতে হয়েছে তাকে। উৎসবের এই মুহূর্তে পরিবারের অন্য সদস্যরাও অবস্থান করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাই এবারের ঈদটা ভিন্নভাবেই ধরা দিয়েছে গায়িকার কাছে।
গত পরশু ২৬ মে ঢাকা মেইলকে ফাহমিদা নবী বলেন, ‘এবারের ঈদ খুব ইন্টারেস্টিং লাগছে। আমাদের পরিবারের সদস্যরা একেকজন একেক জায়গায়। আমি নিউইয়র্কে। আমার মেয়ে, দুই বোন লন্ডনে। আমার ভাই পঞ্চম এবং মা ঢাকায়। সব মিলিয়ে ঈদটা ভাগাভাগি করে হচ্ছে।’
বিভিন্ন প্রান্তে থাকলেও আনন্দে ভাঁটা পড়েনি উল্লেখ করে গায়িকা বলেন, ‘এখানে সামিনার (সামিনা চৌধুরী) ছেলে ও বর আছে। আমার সব বন্ধুরা আছে। ওদের সঙ্গে ঈদ করতে বলছে। লন্ডনে আমার মেয়ে, সামিনা, ওর মেয়ে। আমার আরও এক বোন সেখানে। ওরা খুব মজা করছে।’
বিভিন্ন সময় দেশের বাইরে ঈদ করলেও ঢাকার ঈদের স্বাদ অতুলনীয় জনপ্রিয় এ গায়িকার কাছে। তার কথায়, ‘আমি আর সামিনা একবার নিউইয়র্কে ঈদ করেছিলাম। গেল বার করেছি মেয়ের সঙ্গে লন্ডনে। এবার এখানে একা। ভালোই লাগছে। একটু আলাদা। তবে আমার সবসময় ঢাকায় ঈদ করতে ভালো লাগে। নিজের শহর, বাসা। আমেজটা যেন পাই তখন।’ আগামী ৬ জুন দেশের উদ্দেশে রওনা দেবেন বলে জানান গায়িকা।
আরআর