images

বিনোদন

কবীর সুমনের নামে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২৬, ১২:১৮ পিএম

গান ও প্রতিবাদী সত্তার কারণে শ্রোতারা অন্যদের চেয়ে আলাদা চোখে দেখেন কবীর সুমনকে। এবার তার নাম-ই অপরাধীর তালিকায়। নারী অবমাননার অভিযোগ এনে গায়কের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 

পশ্চিমবঙ্গের নেতাজিনগর থানায় সুমনের নামে অভিযোগ দায়ের করেছে ‘জাতির কথা’ নামের এক সংগঠন। ওই সংগঠনের সদস্যদের দাবি, কবীর সুমন নারীদের অপমান করেছেন। তাঁর কথাবার্তায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। জাতির কথা সংগঠন সোশাল মিডিয়ায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে। 

সংগঠনের সদস্যদের বক্তব্য, ”কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না।”

ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, “শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে।” 

তবে পুলিশ জানিয়েছে এখনও সুমনের নামে কোনো মামলা দায়ের করা হয়নি। বছর তিনেক আগে একটি টেলিভিশনে গায়ক কিছু বিরূপ মন্তব্য করেন। তার-ই পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়েছে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মাঠের রাজনীতিতেও সরব ছিলেন কবীর সুমন। তৃণমূলের টিকিটে গিয়েছিলেন লোকসভায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পর ভোল পাল্টান গায়ক। জানান তিনি কখনও  তৃণমূলপন্থী ছিলেন না। অনুরোধের ঢেঁকি গিলতে যেতে হয়েছিল লোকসভায়।