বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৬, ০২:০৮ পিএম
সেট বসেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ের। এতে প্রাক্তন এ অধিনায়কের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। তবে ছোটবেলার সৌরভ হবেন অন্য এক অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন বেদান্ত সিং। এরইমধ্যে নজর কেড়েছে তার অভিনয়। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে ছিলেন। মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ছেলের চরিত্রে দেখা যায় তাকে। এবার ধরা দিচ্ছেন সৌরভের ছেলেবেলার চরিত্রে।
সৌরভপত্নী ডোনার চরিত্রেও থাকবেন একাধিক অভিনেত্রী। এ নৃত্যশিল্পীর কিশোরীবেলার চরিত্রে রূপ দেবেন সৃজা ভট্টাচার্য। ক্লাস সেভেনের ছাত্রী সৃজা এরইমধ্যে একাধিক সিনেমা ও সিরিয়ালে মুখ দেখিয়েছেন। ডোনার বড়বেলায় দেখা যাবে তান্যা মানিকতলাকে।
সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য। সৌরভের ভাই স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব বসুকে। থাকছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রও। এতে দেখা যাবে গজরাজ রাওকে। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছে আরও অনেকে।
ভারতের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হবে। এ ক্রিকেটারের ছেলেবেলার দৃশ্যধারণ করা হবে কলকাতার বিভিন্ন স্থানে। মুম্বাইয়ের পর বেহালার বীরেন রায় রোডে চলছে ছবির শুটিং। আগামী ১৫ দিন সেখানেই চলবে কাজ। পর্দায় ‘দাদা’কে যথাযথ উপস্থাপন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি।