বিনোদন ডেস্ক
২০ মে ২০২৬, ১২:০৩ পিএম
দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির তারিখ নির্ধারণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, উৎসবের ছুটিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতেই এই সময়ে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ‘রজনী স্যারের সিনেমা মুক্তির তারিখ নিয়ে এর আগে নানা পরিকল্পনা করা হলেও, এবার নির্মাতারা ছবিটি ১১ সেপ্টেম্বর মুক্তি দিতে প্রস্তুত। মুক্তির ঠিক পরপরই ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ফলে উৎসবের ছুটি সিনেমাটিকে বড় ব্যবসার সুযোগ করে দেবে।’

পরিচালক নেলসন দিলীপকুমারের ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেইলার’-এর সিক্যুয়েল কেবল তামিল ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো ভারতের দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির কাস্টিংয়েও রয়েছে বিশাল চমক। এতে রজনীকান্তের পাশাপাশি দেখা যাবে কমল হাসান, শিব রাজকুমার, মোহনলাল এবং নন্দামুরি বালকৃষ্ণার মতো ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির মেগাস্টারদের। এছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের ক্যামিও চরিত্র নিয়েও গুঞ্জন রয়েছে।
অনিরুদ্ধ রবিচন্দরের আবহ সঙ্গীত এবং ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান রূপে রজনীকান্তের প্রত্যাবর্তন নিয়ে পোস্ট-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। যদিও সান পিকচার্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।