images

বিনোদন

আজ আনা হচ্ছে না কারিনার মরদেহ, কবে আসবে— জানালেন তার বাবা 

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৬, ০২:৪২ পিএম

লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ শনিবার দেশে আনা হচ্ছে না। সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, ‘প্রিজার্ভ–সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শেষে আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব নয়, তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আসবে ওরা।’

গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। সেসময় কায়সার হামিদ বলেছিলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’

গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে গেলেন কারিনা।

এর আগে গত ৯ মে সামজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সেদিন দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছিলেন ডানা। 

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬–২৪–৩৬’।