বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৬, ০৪:১৮ পিএম
উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চলছে তার চিকিৎসা। এরইমধ্যে কারিনার মৃত্যুর গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া।
এ প্রসঙ্গে তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, এমন গুজব পরিবারের জন্য মানসিকভাবে আরও কষ্টের হয়ে উঠছে। শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যে কোনো সময় মরে যেতে পারি— দুই মিনিটের গ্যারান্টি নেই। তারপরও মৃত্যুর মতো এমন একটি বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওঁর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে কেউ এমন কাজ করবেন ন।’
কারিনার শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ বলেন, ‘বর্তমানে তার ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে লিভারের চিকিৎসা এখনও চলমান। ফুসফুসে কিছুটা ইনফেকশন আছে। এটা ধীরে ধীরে রিকভারি করছে। এরপর লিভারের চিকিৎসা হবে।’
তিনি আরও বলেন, ‘এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে।’
এর আগে গেল ৯ মে দুপুরে সামজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’