উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। এরইমধ্যে ভিসা হাতে পেয়েছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। আসছে এয়ার অ্যাম্বুলেন্স।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ নিজেই নিশ্চিত করেছেন খবরটি। তিনি বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।’
বিজ্ঞাপন
এ সময় দোয়া চেয়ে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ সেইসঙ্গে জানান শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে কারিনার।
গতকাল রোববার দোয়া চাওয়ার পাশাপাশি কায়সার হামিদ কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেছিলেন, কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’
এর আগে সামজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে আরো লিখেছিলেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডানা।




