images

বিনোদন

জটিলতা বেড়েছে: কারিনা কায়সারের বাবা 

বিনোদন ডেস্ক

১০ মে ২০২৬, ০২:০২ পিএম

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। গতকাল শনিবার তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছিলেন শারীরিক অবস্থা ভালো না। আজ রোববার জানালেন, জটিলতা বেড়েছে কারিনার। মেয়েকে বিদেশ নিতে ছোটাছুটি করছেন তিনি।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’

উন্নত চিকিৎসার জন্য কারিনাকে বিদেশ নিতে চান কায়সার হামিদ। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভিসা দ্রুত করতেই সেখানে গিয়েছিলেন।

তার কথায়, ‘আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকে বিদেশে নিতে চাচ্ছি।’

সামজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে আরো লিখেছিলেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডানা।