বিনোদন ডেস্ক
০৯ মে ২০২৬, ০৩:২০ পিএম
অনেক দিন ধরেই স্বামী পিটার হাগের সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলির। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তা। পারিবারিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বাই পুলিশ। সেইসঙ্গে পিটার হাগের ভারত ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে পিটারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। নিষ্ঠুরতা ও নির্যাতন, শারীরিক ও মানসিক ক্ষতির অভিযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং দীর্ঘদিন ধরে হয়রানির মতো অভিযোগ রয়েছে এরমধ্যে।
পিটার হাগের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতারও দাবি পুলিশ সূত্রের। অভিযুক্ত ব্যক্তি তদন্ত এড়িয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই জারি করা হয়েছে দেশত্যাগে নিষেধাজ্ঞা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি পিটার।
এদিকে সামাজিক মাধ্যমে আলোচনায় সেলিনা জেটলির পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টরিতে একটি ছবি দিয়েছেন জেটলি। ক্যাপশনে লিখেছেন, ‘একজন নার্সিসিস্টের সঙ্গে সম্পর্ক ভাঙা মানে সেই মানুষটির তৈরি করা আপনার আরেকটি সংস্করণের সঙ্গে বিচ্ছেদ ঘটানো।’
এরপর লেখেন, ‘যখন আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, তখন শুধু একটি সম্পর্কই শেষ করেন না; আপনি নিজের পরিচয়, নিজের কণ্ঠস্বর এবং নিজের জীবনও ফিরে পান।’
আরও লেখেন, ‘আপনি নিজের গল্প নতুন করে লেখার যোগ্য। আপনি সুস্থ হয়ে ওঠার যোগ্য। আপনি সেই মানুষ নন, যেভাবে আপনাকে বিশ্বাস করানো হয়েছিল।’ অনেকে ভাবছেন, দাম্পত্য জীবন ভারসাম্যহীন হয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন পোস্টটির মাধ্যমে।