বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৬, ১২:৩৫ পিএম
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অভিনেতা বিজয়ের দল তামিলগা ভেট্ট্রি কাজগাম (টিভিকে)। বিপুল ব্যবধানে জয় পেলেও এখনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না এই অভিনেতা। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাঁকে শপথ গ্রহণের অনুমতি দিচ্ছেন না।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ২৩৪ সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ১০টি আসন দূরে রয়েছে টিভিকে। এর মধ্যে বিজয় তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর—এই দুটি আসন থেকে জয়ী হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। ফলে বিধানসভায় টিভিকে-এর সদস্য সংখ্যা দাঁড়াবে ১০৭।

সরকার গঠনের জন্য বিজয় ইতিমধ্যেই ডিএমকে নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের শরিক দল কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। চেন্নাইয়ে টিভিকে-এর সদর দপ্তরে বিজয়ের সঙ্গে বৈঠকের পর তামিলনাড়ু কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই এবং রাজ্য ইনচার্জ গিরিশ চোডাঙ্কর তাঁদের দলের বিধায়কদের সমর্থনের কথা নিশ্চিত করেন। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থনে বিজয়ের জোটের শক্তি এখন কিছুটা বেড়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কংগ্রেস সভাপতি সেলভাপেরুনথাগাই বলেন, ‘আমরা আমাদের সমর্থনপত্র টিভিকে-কে দিয়েছি। এটি আমাদের দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক কবে হবে, তা আমি জানি না। টিভিকে প্রধান সমর্থনপত্র নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।’ যদিও কংগ্রেসের ৫ এবং টিভিকে-এর ১০৮ জন মিলে মোট আসন সংখ্যা এখন ১১৩। সরকার গঠনের জন্য প্রয়োজন এখনও ৫টি আসন।
সংখ্যাগরিষ্ঠতার সংকট কাটাতে বুধবার সশরীরে রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। শেষ খবর পাওয়া দ্বিতীয়বারের মতো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এই অভিনেতা। সেখানে তিনি সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন। তবে সূত্রের দাবি, সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত না হওয়ায় বিজয়কে আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।