বিনোদন ডেস্ক
০৪ মে ২০২৬, ০৬:০৮ পিএম
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই রাজ্য সরকার গঠনের পথে সবচেয়ে এগিয়ে রয়েছেন। প্রাথমিক ভোট গণনার শুরু থেকেই ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে অভিনেতার টিভিকে ১০০-র বেশি আসনে এগিয়ে।
বিজয়ের ভূমিধস জয়ের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাসভবনের সামনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই টিভিকে-এর জয়ের ব্যাপারে আশাবাদী তাঁর পরিবার। ছেলের সাফল্যে আনন্দিত বিজয়ের বাবা-মা। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর গণমাধ্যমকে বলেন, ‘আমি আজ খুব খুশি।’ জানা গেছে, বিজয় এবং তাঁর পরিবারের সদস্যরা একসঙ্গে বসে টিভি ও অনলাইনে ভোট গণনার সর্বশেষ তথ্য নিচ্ছেন।
অভিনেতার বাবা এস.এ. চন্দ্রশেখর বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ‘শোভা কেবল বিজয়ের মা-ই নন, তিনি বিজয়ের সবচেয়ে বড় ভক্ত। ছেলের বিশাল জয়ের আভাসে মা হিসেবে তাঁর আনন্দের কোনো সীমা নেই।’ এস.এ. চন্দ্রশেখর আরও বলেন, ‘বিজয়ের এই জয় তামিলনাড়ুর মানুষের ভালোবাসার ফল। এটি প্রমাণ করে মানুষ আসলে রাজ্যের পরিবর্তন চাচ্ছে।’
জয়ের আভাস পেয়ে সমর্থকদের স্লোগান আর জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে অভিনেতার বাসভবনের চারপাশ। সবার নজর এখন চূড়ান্ত ফলাফলের দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজয়ের দল বর্তমানে ১০৯টি আসনে এগিয়ে রয়েছে। যদিও রাজ্য সরকার গঠনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন।
ইএইচ/