বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৬, ১২:৫২ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল ৪ মে, সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। যেখানে ঝলমলে পোশাকে ধরা দেবেন জনপ্রিয় তারকারা। রেড কার্পেটে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি মানেই বিশেষ কিছু। তবে এবারের আসরে অভিনেত্রীকে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য রয়েছে মন খারাপের খবর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কাজের ব্যস্ততার কারণে মেট গালার জমকালো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা বর্তমানে কিছু বড় বাজেটের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার শুটিং ও মেট গালা একই সময়ে হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ফলে শুটিংয়ের তারিখ পরিবর্তন করে সময় বের করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে মেট গালায় তাঁর না থাকার খবরটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
গত বছর পঞ্চমবারের মতো মেট গালার লালগালিচায় পা রেখেছিলেন ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। অভিনেত্রী কাস্টম বালমেইন কৌতুর পোশাকের সঙ্গে মিল রেখে বুলগারির গয়না পরেছিলেন।

প্রতি বছরের মতো এবারও মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট গালা। এ বছর ‘মেট গালা’র থিম রাখা হয়েছে ‘কস্টিউম আর্ট’। দীর্ঘ এক দশক পর মেট গালার রেড কার্পেটে পা রাখবেন বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে।
এ বছর অনুষ্ঠান পরিচালনা করবেন গায়িকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভিনাস উইলিয়ামস এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইন্টুর। এছাড়া হোস্ট কমিটিতে থাকছেন ডিজাইনার অ্যান্থনি ভ্যাকারেলো, চলচ্চিত্র নির্মাতা জো ক্রাভিটজ এবং সাবরিনা কার্পেন্টার, স্যাম স্মিথ, অ্যাঞ্জেলা ব্যাসেট ও টেয়ানা টেলরের মতো জনপ্রিয় তারকারা।

কো-চেয়ারদের পাশাপাশি এবারের আসরে অনারারি চেয়ার হিসেবে থাকছেন জেফ বেজোস এবং লরেন সানচেজ বেজোস। তাঁদের উপস্থিতি এই আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ/