images

বিনোদন

রাহুলের পডকাস্ট ‘সহজ কথা’-এর দায়িত্ব নিচ্ছেন না প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করার সময় পানিতে ডুবে মৃত্যু হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার আকস্মিক প্রয়াণের শোকের আবহে প্রথমবার মুখ খুললেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় সব থেকে বেশি বন্ধু রাহুলকে মিস করি। সবচেয়ে কম কথায় বলতে গেলে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। প্রায় একুশ-বাইশ বছরের বেশি সময়ের বন্ধুত্ব আমাদের। আমি বারবার বলেছি আমার সিনেমা দেখার, বই পড়ার, নানা জায়গায় এক্সপোজার, সব ভাবনা-চিন্তার স্ট্রাকচার, সব কিছুই আমার শেখা রাহুলের সাথে, ওঁরই প্রভাবে। সেটা আমি কোনো দিনও অস্বীকার করতে পারিনি।’

priyanka

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘রাহুল সবার খুব ভালো বন্ধু ছিল। ওঁর মৃত্যুর পর আরও বেশি করে বুঝলাম কতটা ভালো বন্ধু ও ছিল। এমনকি যখন আমাদের ঝগড়া হচ্ছে, লোকে হয়তো ভেবেছে মুখ-দেখাদেখি বন্ধ আমাদের। কিন্তু তারা জানে না সেই সময়ও আমরা কত গল্প করেছি। এখনও মনে হয় ওঁর রেকমেন্ড করা চার-পাঁচটা সিনেমা দেখা বাকি আছে। সে আমার কাজের খুব বড় সমালোচক ছিল। আমার কোনো কাজের যতটা স্বচ্ছ ফিডব্যাক ও দিত, সেটা খুব মিস করব।’

রাহুল তাঁর জীবনদশায় ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট পরিচালনা করতেন, যেখানে অতিথি হয়ে আসতেন শোবিজ তারকারা। অভিনেতার মৃত্যুর পর নতুন কোনো পর্ব দেখা যায়নি ‘সহজ কথা’-এর ইউটিউব চ্যানেলে। তবে কি বন্ধ হয়ে যাবে পডকাস্ট সম্প্রচার, নাকি হাল ধরবেন প্রিয়াঙ্কা— এমন প্রশ্নের জবাবে সরাসরি জবাব না দিলেও ইঙ্গিত দিয়েছেন তিনি পডকাস্টের দায়িত্ব নিচ্ছেন না। অভিনেত্রীর ভাষায়, ‘এখন তো ছেড়েই দাও, এই প্রশ্নটাই বাদ দাও। খুব ভালো ভালো এপিসোড আছে, ভালোবাসা পাচ্ছে। ওটাই থাকুক। ওর ওই জ্ঞান, ডেডিকেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল এত বড় কাজ করার জন্য। আমাদের সেটা সেখানেই থাকতে দেওয়া উচিত।’

jF2P1iN8

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কও ছিল বেশ আলোচিত। ‘চিরদিনই তুমি যে আমার’-এ কাজ করতে গিয়ে প্রেমে পড়েন। ২০১০ সালে বাঁধেন ঘর। তাঁদের ভালোবাসার ফসল হিসেবে কোল আলো করে আসে পুত্রসন্তান সহজ। তবুও সহজ হয়নি যৌথ জীবন। ২০১৭ সাল থেকে আলাদা থাকা শুরু করেন তাঁরা। তবে দুজনকে এক অদৃশ্য চুম্বকে ধরে রেখেছিল ছেলে সহজ। সন্তানের সহজ শৈশবের কথা ভেবেই ২০২৩ সালের মাঝামাঝিতে জোড়া লাগে সম্পর্কের সুতা।