বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম
গতকাল শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দ্বিতীয় দফার নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে স্বামীর সঙ্গে ব্যারাকপুরের বুথে গিয়ে ভোট দেন শুভশ্রী। ভোট প্রদান শেষে বিজেপিকে এক হাত নিয়েছেন এই অভিনেত্রী।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে শুভশ্রী বলেন, ‘আমি শুধু একজনকে চিনি, তিনি হলেন সবার মা দুর্গা। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে প্রতিবারই মহিষাসুর আসে এবং দেবী একাই তাকে দমন করে জয়ী হন। এবারও ঠিক তেমনটাই হবে আশা করছি।’ শুভশ্রী মহিষাসুর বলতে সরাসরি গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করেছেন তা বুঝতে কারো বাকি নেই।
২০২১ সালের নির্বাচনে বাংলাতে পরাজয় হয়েছিল বিজেপির। দলটি এবার বাংলা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে। অন্যদিকে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস আবারও তাদের জয়ী বিধায়ক রাজ চক্রবর্তীর ওপরই ভরসা রেখেছে।

২০১১ সালের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ভোট পড়েছে। বুথফেরত জরিপ বলছে বিজেপি সফল হতেও পারে। ভোট শেষে জরিপ সংস্থাগুলোর সমীক্ষায় তেমন আভাসই মিলছে।
ছয়টি জরিপ সংস্থা এরই মধ্যে তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থার সমীক্ষাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
মাত্র ২টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ‘জনমত পোল’ সংস্থার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।
বুথফেরত জরিপের ফল যদিও প্রায় সময় মেলে না। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
ইএইচ/