images

বিনোদন

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে জনপ্রিয় অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

জনপ্রিয় হলিউড সিনেমা ‘ড্যান্সেস উইথ উলভস’-এর অভিনেতা নাথান চেজিং হর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য নেভাদার একটি আদালত এই আদেশ দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার বিরুদ্ধে ওঠা ১৩টি অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। এর মধ্যে বেশির ভাগই ছিল ১৬ বছরের কম বয়সী শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ।

ap26013750675857.jpg?c=original&q=w

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিনেতার ৩৭ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। অন্যদিকে নাথানের আইনজীবীরা ২৫ বছরের সাজা দেওয়ার আবেদন জানান। দুই পক্ষের শুনানি শেষে বিচারক জেসিকা পিটারসন তার রায়ে অভিনেতাকে প্যারোলে মুক্তির সুযোগসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

সাজা ঘোষণার সময় আদালতের সামনে ক্ষোভ প্রকাশ করেন নাথান চেজিং হর্স। বিচারককে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমার সাথে অবিচার করা হচ্ছে।’ ২০২৩ সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যদিও শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। নাথানের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

Nathan

আদালতে প্রসিকিউটররা প্রমাণ করেছেন যে, নাথান চেজিং নিজেকে একজন আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচয় দিয়ে প্রায় দুই দশক ধরে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন। শুনানির সময় একজন ভুক্তভোগী বলেন, ‘ধর্মীয় ও আধ্যাত্মিকতার দোহাই দিয়ে নাথান তাকে ছোটবেলা থেকে বাধ্য করে রেখেছিলেন, যার ট্রমা থেকে এখনো বের হতে পারছি না।’

১৯৯০ সালের অস্কারজয়ী চলচ্চিত্র ‘ড্যান্সেস উইথ উলভস’-এ ‘স্মাইলস অ্যা লট’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

ইএইচ/