images

বিনোদন

বর্ষীয়ান অভিনেতার মৃত্যু 

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মৃত্যুর দিন সন্ধ্যায় মুম্বাইয়ে শেষকৃত্য হয় অভিনেতার। ভরত পরিবারের ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল বলেন, ‘আমি এইমাত্র শ্মশান থেকে ফিরেছি। সাড়ে ৬টা নাগাদ শেষকৃত্য হয় তাঁর। উনি আজ (গতকাল সোমবার) দুপুর তিনটার দিকে মারা গিয়েছেন। গত তিনদিন ধরেই অসুস্থ ছিলেন। জানা গিয়েছে, ওঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ওঁর ছেলে রাহুলই আমাকে ফোন করে বাবার প্রয়াণসংবাদ জানান। দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ক আমাদের।”

মৃত্যুকালে স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন অভিনেতা। কবিতা নামে তাঁর এক কন্যা সন্তান ছিল। কয়েক বছর আগে মৃত্যু হয় তার। 

থিয়েটারের মাধ্যমে অভিনয় হাতেখড়ি ভরতের। সত্তরের দশকে হিন্দি সিনেমায় নাম লেখান। চরিত্রাভিনেতা ছিলেন তিনি। কখনও খলনায়ক, কখনও আইনজীবী, কখনও পুলিশ অফিসারের ভূমিকায় দীর্ঘ তিন দশক নিয়মিত ছিলেন রূপালী পর্দায়। 

ভরত অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘নুরি’, ‘রাম বলরাম’, লাভ স্টোরি’, ‘বাজার, ‘গুলামি’, আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’, ‘খুদা গাওয়া’, ‘রং’ উল্লেখযোগ্য। এর বাইরে বিভিন্ন ধারাবাহিকেও দেখা গেছে ভরতকে। 

আরআর