বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। গুঞ্জন রয়েছে দেশের অভিনেত্রীদের অনেকেই সার্জারি করে সৌন্দর্য ধরে রেখেছেন। এ তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের নাম।
সম্প্রতি এক পডকাস্টে প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুলেছেন কেয়া। তিনি বলেন, ‘এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব, প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।’

অভিনেত্রী আরও বলেন, ‘কখনও আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ, আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এই অবস্থা দেখে আমি মনে মনে বললাম ভাই মাফ চাই, আর হবে না।’
বাইরের দেশের তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং বলা হয় অথচ দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন? এমন প্রশ্নের জবাবে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী।

কেয়া বলেন, ‘আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলা শুরু করবে। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে।’
সবশেষে এই তারকা বলেন, ‘রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে।’