বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
ষাট দশকের জনপ্রিয় পপ ব্যান্ড ‘দ্য রনেটস’-এর শেষ সদস্য নেড্রা ট্যালি রস আর নেই। রোববার (২৬ এপ্রইল) সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। নেড্রার মেয়ে নেড্রা কে রস সামাজিকমাধ্যমে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এক শোক বার্তায় তিনি লেখেন, রোববার সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যদের সান্নিধ্যে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার মা। নেড্রা ট্যালি রস তার কাজের মাধ্যমে চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন।
১৯৫৭ সালে সংগীতশিল্পী নেড্রা তার দুই চাচাতো বোন রনি স্পেক্টর ও এস্টেল বেনেটের সাথে মিলে গান শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেতে বেশ লড়াই করতে হয়েছে। তবে ১৯৬৩ সালে প্রযোজক ফিল স্পেক্টরের নজরে পড়লে তাঁদের ভাগ্য বদলে যায়। ‘বি মাই বেবি’ গানের মাধ্যমে তারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যা আজও পপ সংগীতের ইতিহাসে অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয়।

দ্য রনেটসের গানগুলো সেই সময়ের নারী ব্যান্ডের চেয়ে আলাদা ছিল। নেড্রা নিজেই একবার বলেছিলেন, ‘অন্য ব্যান্ডগুলো ছেলেদের নিয়ে গান করত, কিন্তু আমাদের গান ছেলেদের উদ্দেশ্য করে গাওয়া।’ তাদের চুলের স্টাইল এবং গায়কি তৎকালীন তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছিল। ‘ওয়াকিং ইন দ্য রেইন’ ও ‘বেবি, আই লাভ ইউ’-এর মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তারা। ২০০৭ সালে ‘দ্য রনেটস’ ব্যান্ডটিকে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।
সংগীত দুনিয়ার অসুস্থ প্রতিযোগিতার চাপে নেড্রা এক সময় নিজেকে গান থেকে সরিয়ে নেন এবং রিয়েল এস্টেট ব্যবসায় ক্যারিয়ার গড়েন। গান ছেড়ে তিনি ধর্মচর্চায় মনোনিবেশ করেন। পরে বিয়ে করে সংসার জীবনে থিতু হন।
ব্যান্ডের বাকি দুই সদস্য রনি ও এস্টেল আগেই মারা গেছেন। নেড্রার মৃত্যুতে রনেটসের অফিশিয়াল পেজ থেকে শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, নেড্রার কণ্ঠের জাদু সংগীত ইতিহাসে অমর হয়ে থাকবে।
ইএইচ/