images

বিনোদন

বিনা চিকিৎসায় বাবা-মায়ের মৃত্যু, ভোটে জিতলে হাসপাতাল করতে চান অভিনেতা

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের শৈশব কেটেছে দারিদ্রতার সঙ্গে লড়াই করে। একরত্তি বয়সে চোখের সামনে বাবা-মাকে প্রায় বিনা চিকিৎসায় মরতে দেখেছেন। সে ক্ষত আজও টাটকা। তাইতো এ অভিনেতা ও রাজনীতিবিদ চান ভোটে জিতলে নিজের নির্বাচনী এলাকায় বাবা-মায়ের নামে হাসপাতাল করতে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বিজেপি থেকে পেয়েছেন টিকিট। এরইমধ্যে তার হয়ে সেখানে বিশাল শোডাউন করেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অন্যদিকে সামাজিক মাধ্যমে হিরণ দিয়েছেন হাসপাতাল নিয়ে বার্তা।

নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় হিরণ বলেন, “১৯৯২ সালে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বলতে প্রায় কিছুই ছিল না। আমরা খুব গরিব ছিলাম। বাবা-মাকে দেখেছি কীভাবে চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়েছেন। অথচ কোনো চিকিৎসা পাননি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁদের। আজও ছবি একইরকম। কোনো বদল হয়নি। এবার ভোটে জিতলে শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা হবে। তাতে এলাকার মানুষজন উপকৃত হবেন। বিনা চিকিৎসায় আর প্রাণ হারাতে হবে না কাউকে।”

বছরের শুরুতে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে ফের গাঁটছড়া বাঁধায় সমালোচিত হতে হয়েছে তাকে। প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতায়ও পড়তে হয় তাঁকে।

এসব কারণে অনেকে তার টিকিট পাওয়া নিয়ে দ্বিধায় ছিলেন। তবে তার ওপরই আস্থা রেখেছে বিজেপি। শ্যামপুর থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের নদেবাসী জানা।