বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম
বলিউড তারকাদের ছেলে-মেয়েরা একদিন বড় পর্দায় অভিনয় করবেন—এটা একরকম লিখিত নিয়মে পরিণত হয়েছে। তবে উল্টো পথে হেঁটেছেন অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। বাবার পথে হাঁটবেন না তিনি। দেখা যাবে না রুপালি পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি অক্ষয় নিজেই জানিয়েছেন।
অভিনেতার কথায়, ‘আরভ অভিনয়ে নয়, বরং ফ্যাশন জগতে নিজের ক্যারিয়ার গড়তে চান।’
১০৪ ডিগ্রি জ্বরে জ্ঞান হারান, অল্পের জন্য রক্ষা পান অক্ষয়
অক্ষয় জানান, আরভ বর্তমানে ৪ হাজার ৫০০ রুপি বেতনের চাকরি করছেন। সেটাও বড় কোনো ফ্যাশন হাউসে নয়, বরং বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি কাজ শিখছেন। অক্ষয় বলেন, ‘সে আজও ৪ হাজার ৫০০ রুপির চাকরি করছে। এটা ভালো কথা, কেন নয়? সে গ্রামে ঘুরে বিভিন্ন ধরনের প্রিন্ট এবং কাপড় সম্পর্কে ধারণা নিচ্ছে। সে মাঠে খেটে শিখতে চায়।’

সাক্ষাৎকারে অক্ষয় জানান, আরভের সিনেমার প্রতি কোনো টান নেই। রুপালি পর্দার থেকে নিজের পছন্দমতো ফ্যাশন নিয়ে কাজ করতে বেশি আগ্রহী। অক্ষয় বলেন, ‘আমরা দুজনেই স্বাস্থ্যসচেতন। সে একটু বেশি লম্বা এবং বেশ পরিশ্রমী। কিন্তু সিনেমায় আসতে চায় না। তার লক্ষ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে।’
ফ্লপের জ্বালায় ঝালাপালা অক্ষয়, এবার সেন্সরের কাঁচিতে কুচিকুচি!
কথায় কথায় অক্ষয় বলেন, ‘আমি কাউকে জ্ঞান দেই না। আমার ছেলেকে তো একদমই না। ওকে শুধু একটা কথাই বলেছি—কাউকে আঘাত করবে না, ক্ষতি করবে না। বাকিটা সে তার নিজের মতো জীবন সাজিয়ে নেবে।’
২০০২ সালে জন্ম নেওয়া আরভ বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ১৫ বছর বয়স থেকে পড়াশোনার জন্য দেশের বাইরে থাকেন। আরভ প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন।
ইএইচ/