images

বিনোদন

বাউল কানাই দাস আর নেই 

বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

ভারতীয় বাউল সাধক-শিল্পী কানাই দাস মারা গেছেন। আজ ১৮ এপ্রিল সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মা (টিবি)-তে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন।

ভারতীয় বাউল সংগীতের অন্যতম ব্যক্তিত্ব কানাই দাস। এক সাধারণ পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন। তবে পথ দেখতেন সুর দিয়ে। জীবন ও মানবতা খুঁজে পেয়েছিলেন অন্তর্দৃষ্টিতে। 

মেঠোপথের বাউল ছিলেন কানাই দাস। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা ও আখড়ায় ঘুরে ঘুরে গাইতেন গান। তার কণ্ঠে মানুষ ভজলে সোনার মানুষ হবি…” কিংবা ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’ শুনে মন তৃপ্ত হয়েছে অগণিত শ্রোতার।

২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন কানাই দাস। প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই ‘নাইন লাইভস’-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই শিল্পীকে।